দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় সংঘটিত ভূমিকম্পে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের কার্যক্রম শুরু করেছে। ভূমিকম্পের পরপরই মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জরুরি সাড়াদান কেন্দ্র চালু করেছে। জরুরি কেন্দ্রের ফোন নম্বর ০২৫৮৮১১৬৫১। কেন্দ্রটি সব জেলার প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য সংগ্রহ করছে।


মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদি, গাজীপুর ও মাগুরা জেলা থেকে ক্ষয়ক্ষতির প্রাথমিক চিত্র পাওয়া গেছে। ঢাকায় ৪ জন নিহত ও ৫৯ জন আহত, নারায়ণগঞ্জে ১ জন নিহত ও ১৮ জন আহত, নরসিংদিতে ৫ জন নিহত ও ১১০ জন আহত, গাজীপুরে ২৫২ জন আহত এবং মাগুরায় ২২ জন আহত হয়েছে। মোট ১০ জনের মৃত্যু ও ৪৬১ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।


পরিস্থিতি মোকাবেলায় প্রতিটি জেলার প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখা হচ্ছে। নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে এবং আহতদের ১৫ হাজার টাকা করে জেলা প্রশাসনের মাধ্যমে সহায়তা দেওয়া শুরু হয়েছে। আহতদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।


ভূমিকম্পের কারণে সৃষ্ট সামগ্রিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজও শুরু হয়েছে। মূল্যায়ন শেষে বিস্তারিত তথ্য পরবর্তীতে প্রকাশ করা হবে।